দেশের চলচ্চিত্র শিল্পের আধুনিকায়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি সিনেমা হলকে একটি কেন্দ্রীয় সার্ভারের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই আধুনিকায়নের মাধ্যমে দেশজুড়ে ই-টিকেটিং ও সমন্বিত বক্স অফিস ব্যবস্থা চালু করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) বর্তমানে এই মেগা প্রকল্পের জন্য প্রায় ৫০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানিয়েছেন যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন। মন্ত্রণালয়ের ইতিবাচক আলোচনার পর এফডিসিকে দ্রুততম সময়ের মধ্যে ডিপিপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাসুমা তানির মতে, আগামী ঈদুল আজহার আগেই এই প্রস্তাবটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে পেশ করা হবে।
প্রকল্প ব্যয়ের বিষয়ে মাসুমা তানি বলেন, বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর (ইয়াসের খান চৌধুরী) সঙ্গে বৈঠক করেছি। তিনি বলেছেন, কাজটা যেন ন্যূনতম অর্থ ব্যয়ে হয়। আমরাও সে ব্যাপারে সচেষ্ট থাকব।
আরও পড়ুন
এই প্রস্তাবনা তৈরির আগে এফডিসি কর্তৃপক্ষ সিনেমা হল মালিক, পরিচালক, প্রযোজক এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রায় সব পক্ষই এই আধুনিক উদ্যোগের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিপিপি জমা হওয়ার পর তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় আলোচিত হবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। কমিশন থেকে সবুজ সংকেত মিললেই দেশব্যাপী ই-টিকেটিং ও কেন্দ্রীয় বক্স অফিস বাস্তবায়নের কাজ শুরু করবে এফডিসি।
ই-টিকেটিং ও বক্স অফিস চালুর উদ্যোগ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্ঠা মিয়া আলাউদ্দিন দৈনিক সময়ের আলোকে বলেন, ই-টিকেটিং ও বক্স অফিস চালুর উদ্যোগ অবশ্যই ভালো। এটি দেশীয় চলচ্চিত্রের জন্য অত্যন্ত সুখবর। বিশ্বের অন্যান্য দেশে এটি চলমান। আমাদের দেশে এই পদ্ধতি বাস্তবায়ন হলে প্রযোজক-পরিচালক ও হল মালিকদের মধ্যে কোনো প্রকার সন্দেহ থাকবে না বরং পারস্পরিক সম্পর্ক আরও ভালো হবে। যদিও সব সিনেমা হলে এর বাস্তবায়ন এখন সম্ভব না তবে ধীরে ধীরে তা কার্যকর হবে। একক সিনেমা হলগুলোর উন্নয়ন দরকার। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে চাই ই-টিকেটিং ও বক্স অফিস সরকার দ্রুত কার্যকর করুক।
এএডি/