শাকিব খানের ‘রকস্টার’-এর পাশাপাশি আসন্ন ঈদ সিনেমায় সাড়া ফেলেছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। সিনেমাটি ইতিমধ্যে দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে। কিছুদিন আগে প্রকাশিত প্রথম গানের প্রশংসার রেশ না কাটতেই গতকাল সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিনেমাটির দ্বিতীয় গান।
‘মন ছাড়া কি মনের মানুষ রয়’-কথার গানটি দর্শক ও শ্রোতাদের মধ্যে তৈরি করেছে বাড়তি উন্মাদনা। বাংলার আধ্যাত্মিক লোকসংগীতের ঐতিহ্য, বাউল দর্শন এবং গভীর মানবিক অনুভূতির এক আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে গানটিতে।
এই গানের রচয়িতা শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী (গোসাই), যিনি বাংলার লোকসংগীত-ধারার এক প্রখ্যাত বাউল সাধক ও মহাজনী পদাবলির রচয়িতা। গানটিতে কণ্ঠ দিয়েছেন সদ্যপ্রয়াত পশ্চিমবঙ্গের কিংবদন্তি দৃষ্টিহীন বাউল সাধক ও শিল্পী কানাই দাস বাউল। তার কণ্ঠের মায়া, গভীরতা এবং আধ্যাত্মিক আবেগ এই গানটিকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। শ্রোতার কাছে গানটি হয়ে উঠেছে এক নিঃশব্দ হাহাকার, এক অন্তর্গত অনুভূতির যাত্রা।
আরও পড়ুন
গানটির নতুন সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। তিনি বলেন, ‘এর আগে মেজবাউর রহমান সুমন ভাইয়ের সঙ্গে অনেক কাজ করলেও এই প্রজেক্টটি আমার জন্য বিশেষ। কারণ সদ্যপ্রয়াত সাধক ও শিল্পী কানাই দাস বাউলের সঙ্গে আমরা একটি নতুন গান করতে পেরেছি। শুরু থেকেই এই গানটির প্রতি আমাদের এক অন্যরকম অনুভূতি ছিল। গানটিতে আছে এক ধরনের হাহাকার, নীরবতার গভীরতা। চেষ্টা করেছি যেন দেশীয় সংগীতের আবেগের সঙ্গে আধুনিক সাউন্ডের একটি ইমোশনাল ফিউশন তৈরি হয়।’
গানটি প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন বলেন, গানটি আমার অত্যন্ত প্রিয় এবং আমি সবসময় এটি কানাই দাস বাউলের কণ্ঠেই শুনেছি। অত্যন্ত দুঃখের বিষয়, গানটি তার মৃত্যুর পর প্রকাশ হলো। তাকে যদি এই কাজটি শোনাতে পারতাম, খুব ভালো লাগত। তবে কানাই দাসের সেই মায়ামাখা কণ্ঠ আমাদের সিনেমার মধ্য দিয়ে থেকে যাবে।
‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ ইতিমধ্যেই হয়ে উঠেছে রইদ সিনেমার অন্যতম আলোচিত অনুষঙ্গ। গানটি প্রকাশ হয়েছে সব ডিজিটাল প্ল্যাটফর্মে।
এএডি/