চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম।
শুক্রবার (৮ মে) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে নানা কারণে আলোচিত একটি এলাকা। অতীতে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এলাকাটিকে ঘিরে ‘রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র’-এমন কথাও প্রচলিত রয়েছে। এসব পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে জঙ্গল সলিমপুরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি বলেন, ‘আমি জঙ্গল সলিমপুরে সন্ত্রাস নির্মূলের পরিকল্পনা নিয়েই কাজ শুরু করতে চাই। এখানে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে দেশের অন্য এলাকার মানুষের মতো এখানকার বাসিন্দারাও নির্বিঘ্নে বসবাস করতে পারেন। এ কাজে যে কোনো প্রতিবন্ধকতা আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রচেষ্টায় মোকাবেলা করবে।’
আরও পড়ুন
জানা যায়, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস, চাঁদাবাজি এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এমনকি অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনার অভিযোগও রয়েছে।
পরিদর্শনকালে পুলিশ সুপার এলাকায় স্থাপিত বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন এবং দায়িত্বপালনরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। ভবিষ্যতে স্থায়ী পুলিশ ক্যাম্প নির্মাণের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ এবং সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তারা, যার মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামও।
এএডি/