পশ্চিমবঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে- এমন দাবির মধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে।
শনিবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে বিধানসভা, মহাকরণ ও প্রশাসনিক বিভিন্ন দপ্তরে শুরু হয়েছে ব্যাপক পুনর্বিন্যাস কার্যক্রম।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে বিধানসভার বিভিন্ন কক্ষ নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দপ্তর ও সংশ্লিষ্ট কক্ষগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, আসবাবপত্র পুনর্বিন্যাস এবং নামফলক পরিবর্তনের কাজ।
এদিকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভার সদস্যদের নামফলক সরিয়ে ফেলার ঘটনাও আলোচনায় এসেছে। বিধানসভার বিভিন্ন কক্ষ থেকে একে একে পুরোনো নামফলক খুলে ফেলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
একইসঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কক্ষও পুনরায় খোলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর প্রায় চার বছর ধরে কক্ষটি বন্ধ ছিল বলে জানা যায়। নতুন প্রশাসনের সচিবালয়-সংক্রান্ত কাজে ওই কক্ষ ব্যবহার করা হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
নতুন মুখ্যমন্ত্রীর শপথকে কেন্দ্র করে কলকাতা শহরজুড়েও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। বিশেষ করে মালবাহী যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যদিও জরুরি পরিষেবাকে এর বাইরে রাখা হয়েছে।
এএডি/