শেরপুরের নকলায় ঢাকা-শেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টর চালক আবুল হাশেম (৩০) ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এক সিএনজি যাত্রীকে।
শনিবার (৯ মে) সকাল সাতটার দিকে নকলা শহরের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নকলা থেকে মালবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় জালালপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে চাইলে বিপরীত দিক থেকে আসা সিএনজি সামনে পড়ে। এতে বাসটি পাশ কেটে পেছন দিক থেকে মাহিন্দ্রকে ধাক্কা দেয়। ফলে মাহিন্দ্র উল্টে চালক আবুল হাশেম ঘটনাস্থলেই ছিটকে পড়ে মারা যান।
অন্যদিকে সিএনজির সঙ্গেও ধাক্কা লেগে যাত্রী হামিদুর রহমান (৩৫) গুরুতর আহত হন। তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত বাস ও মাহিন্দ্র ট্রাক্টরটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে বাসচালক পালিয়ে গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, বাসটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/জোই