রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগগুলোতে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে।
রোববার (১০ মে) সকাল থেকেই রঙিন বেশে নবীনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীনদের আগমনে নতুন রূপ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
নবীনবরণ অনুষ্ঠান শেষে অ্যাকাডেমিক ভবন থেকে বের হতেই পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। কারও হাতে ফুল, কেউ নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়ে মেতে উঠেছে। কোথাও ছোট ছোট দলে জমে উঠেছে প্রাণবন্ত আড্ডা।
প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সুষ্মিতা দাস বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। নবীন বরণে শিক্ষকদের দেওয়া বক্তৃতা আমাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক ছিল। সবার সঙ্গে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগছে।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম বলেন, ‘সময়টা অনেক আনন্দঘন ছিল। উপ উপাচার্যের উপস্থিতিতে অনুষ্ঠানটা আরও বিশেষ হয়ে উঠেছিল। সবমিলিয়ে সবকিছুই অনেক ভালো লাগছে।’
র্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘এই ক্যাম্পাস সম্পূর্ণ র্যাগিং মুক্ত। বিগত সময়ে এই অপরাধে অনেক শিক্ষার্থীর শাস্তি হয়েছে। ভবিষ্যতে কেউ জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নবীদেরও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলতে হবে।’
/মহু