হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে দুই পরিবারের লোকজনে বাক বিতণ্ডা থেকে সৃষ্ট সংঘর্ষে পাওনাদারের স্বজনের হামলায় মানউল্লাহ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১০ মে) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পাঁচাইক্কা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত মানউল্লাহ মিয়া শিবপাশা ইউনিয়নের পাঁচাইক্কার মৃত ভুঁইয়া মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মানউল্লার ভাই আনতু মিয়ার কাছে একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের টাকা পাওনা ছিল। সকালে এই বিষয় নিয়ে জাহেদা বেগম ও তার সন্তানরা আনতু মিয়াকে গালি গালজ করেন। দুপুরে হাওড় থেকে ফিরে মানউল্লা মিয়া বিষয়টি জানতে পেরে জাহেদা ও তার সন্তানদের জিজ্ঞেস করতে গেলে তাদের মধ্যে বাক-বিতণ্ডায় এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। তখন মানউল্লা গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য শিরু মিয়া জানান, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় রয়েছি। কিছুক্ষণ আগে বাড়িতে কল দেওয়ায় বিষয়টি জানতে পেরেছি।
শিবপাশ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সময়ের আলো/জোই