পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ তদন্তকারী দলের সদস্যরা উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এসেছেন। তাদের আদালতে তুলে রিমান্ডে নেয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতরে রাতভর এদের জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গেছে, গ্রেফতার তিনজনই শার্প শুটার। উত্তরপ্রদেশ থেকে দুজন এবং একজনকে বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয়েছে বলে বলে জানায় পুলিশ। তাদের কে বা কারা দায়িত্ব দিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তদন্তকারীরা জানতে পারেন, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে কলকাতায় প্রবেশের আগে বালি টোলপ্লাজায় টাকা দেয়। ওই ডিজিটাল লেনদেন সূত্র ধরে বিহার ও উত্তরপ্রদেশে পৌঁছে তদন্তকারীরা। খুনের পর ভিনরাজ্য়ে পালিয়ে গিয়েই গা ঢাকা দিয়েছিল তারা।
প্রসঙ্গত, গত বুধবার দমদম বিমান বন্দর ছাড়িয়ে মধ্যমগ্রামে দোহাড়িয়া মোড়ের কাছে চন্দ্রনাথে গাড়ি থামায় একটি চার চাকার গাড়ি। তার পর একটি মোটরবাইক থেকে আততায়ীরা মুহুর্মুহু গুলি চালায় চন্দ্রনাথ ও তার গাড়ির চালকের উপর। চন্দ্রনাথকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। আর চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সময়ের আলো/আআ