তামিলনাড়ুর রাজনীতিতে এবার বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম। সর্বশেষ নির্বাচনে একক বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসে সবাইকে চমকে দিয়েছে এই নতুন রাজনৈতিক দল।
ভারতের রাজনীতিতে তারকা প্রভাব নতুন কিছু নয়, তবে বিজয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সিনেমা জগতের জনপ্রিয় এই তারকা ধীরে ধীরে হয়ে উঠেছেন এক গণভিত্তিক রাজনৈতিক মুখ।
নির্বাচনে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল মাদুরাই সেন্ট্রাল আসন। সেখানে বাধরুদ্দীন নামে এক সাধারণ মাংস বিক্রেতা, যিনি একজন মুসলিম এবং টুপি পরিহিত, বিজয়ের প্রতীক ব্যবহার করে প্রচারণা চালিয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন। প্রায় ১৯ হাজার ভোটের ব্যবধানে তার জয়কে অনেকেই ‘অপ্রত্যাশিত চমক’ হিসেবে দেখছেন।
তবে এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ডিজিটাল প্রচারণার। বিজয় সরাসরি মাঠের প্রচারণায় খুব বেশি অংশ না নিলেও তার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সক্রিয় ছিলেন। ইউটিউব, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়া ছোট ছোট ভিডিও ও বার্তা ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
আরও পড়ুন
বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিজয়ের জনপ্রিয়তা কাজে লাগিয়ে গড়ে তোলা হয় একটি শক্তিশালী অনলাইন নেটওয়ার্ক। তার ফ্যান ক্লাবগুলো, যা প্রায় ৮৫ হাজারের বেশি সংগঠিত ইউনিটে বিস্তৃত, নির্বাচনী প্রচারণাকে কার্যত ডিজিটাল আন্দোলনে পরিণত করে। বিজয়ের একাধিক সংক্ষিপ্ত ভিডিও, বিশেষ করে ২৪ সেকেন্ডের একটি সেলফি ক্লিপ, সামাজিক মাধ্যমে প্রায় ৯ কোটি ভিউ পেয়ে রেকর্ড সৃষ্টি করে বলে দাবি করা হয়।
বিশ্লেষকদের মতে, ভারতের ঐতিহ্যবাহী রাজনীতিতে যেখানে অর্থ ও সংগঠনের পাশাপাশি ধর্মীয় প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে বিজয়ের এই ডিজিটাল কৌশল নতুন এক রাজনৈতিক ধারা তৈরি করেছে।
সংবাদ সম্মেলন বা বড় গণমাধ্যমে সাক্ষাৎকারের পরিবর্তে তিনি সরাসরি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সমর্থকদের সঙ্গে যুক্ত থেকেছেন। এতে করে তার বার্তা দ্রুত ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
নির্বাচনের ফলাফলে তার দল মোট ১০৮টি আসন পেয়ে সরকার গঠনের অবস্থানে পৌঁছে গেছে। তবে এত বড় সাফল্যের পরও প্রশাসনিক অভিজ্ঞতার অভাব নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। অন্যদিকে দলের সমর্থকেরা মনে করছেন, এই পরিবর্তন তামিলনাড়ুর রাজনীতিতে স্বচ্ছতা ও নতুন নেতৃত্বের যুগের সূচনা করতে পারে।
এএডি/