মিরপুর টেস্টের চতুর্থ দিনে শুরুটা ভালো না হলেও মধ্যাহ্ন বিরতির আগে কিছুটা স্বস্তির শ্বাস ফেলেছে বাংলাদেশ। ওপেনিং ব্যাটিং বিপর্যয়ের পর দলকে টেনে তুলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।
সোমবার (১১ মে) দিনের শুরুতেই দ্রুত দুই ওপেনার সাজঘরে ফিরলে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। তবে এরপর দায়িত্ব নিয়ে খেলতে শুরু করেন শান্ত ও মুমিনুল, গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি।
লাঞ্চ বিরতির আগে বাংলাদেশ ২ উইকেটে ৯৩ রান সংগ্রহ করেছে। দুই ইনিংস মিলিয়ে দলের লিড এখন দাঁড়িয়েছে ১২০ রানে।
চতুর্থ দিনের সকালে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। শুরুতে কিছুটা আক্রমণাত্মক দেখালেও বেশিক্ষণ টিকতে পারেননি জয়। আব্বাস আফ্রিদির বলে ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেনি বাংলাদেশ।
আরও পড়ুন
এরপর ইনিংসের ১১তম ওভারে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। হাসান আলির করা বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি, করেন ১০ রান। ফলে মাত্র ২৩ রানের ব্যবধানে দুই ওপেনার হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
সেই চাপ সামাল দেন শান্ত ও মুমিনুল। ধীরে ধীরে ইনিংস গুছিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তারা। লাঞ্চ বিরতির আগে দুজনের জুটিতে আসে ৭০ রান। শান্ত ৩৪ রানে এবং মুমিনুল ৩৭ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও হাসান আলি।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪১৩ রান। জবাবে পাকিস্তান থেমে যায় ৩৮৬ রানে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে তাদের ইনিংস বড় হয়নি। পরে দ্বিতীয় ইনিংসে দিনের শেষ দিকে বাংলাদেশ বিনা উইকেটে ৭ রান নিয়ে এগিয়ে ছিল, সেই ধারাবাহিকতা থেকেই চতুর্থ দিনে এগিয়ে যাচ্ছে টাইগাররা।
এএডি/