সুন্দরবনের গহিনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১১ মে) সকালে সুন্দরবন থেকে প্রায় ২২ ঘণ্টা পর তাকে উদ্ধার করে লোকালয়ে নীলডুমুর ঘাটে নিয়ে আসেন তার পিতাসহ সঙ্গী অন্য মৌয়ালরা।
মৌয়াল বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
আহত বাবলু গাজীর পিতা মালেক গাজী বলেন, ‘ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় আমরা মধু ভাঙছিলাম। এ সময় হঠাৎ একটি বাঘ এসে আমার ছেলের উপর আক্রমণ করে। সঙ্গে সঙ্গে অন্য মৌয়ালরা লাঠি সোঁটা নিয়ে এগিয়ে এলে এবং আমাদের চিৎকার চেঁচামেচিতে বাঘ বাবলুকে ফেলে বনের ভেতর চলে যায়।’
পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে একটি নৌকায় করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন তারা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তারা শ্যামনগর উপজেলা নীলডুমুর ঘাটে পৌঁছায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
/মহু