ইরান যুদ্ধ ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানিয়েছে চীন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন আলোচনায় “বিশ্ব শান্তি, উন্নয়ন এবং চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রধান ইস্যু” নিয়ে গভীর মতবিনিময় করবেন বলে বেইজিং জানিয়েছে। এই আলোচনা এমন সময়ে হচ্ছে, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত আন্তর্জাতিক উত্তেজনা বাড়িয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ক পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মতে, দুই দেশ যদি সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক লাভের ভিত্তিতে কাজ করে, তাহলে বৈশ্বিক অস্থিরতা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
ট্রাম্প ১৩–১৫ মে চীন সফরে যাচ্ছেন, যা প্রায় নয় বছরের মধ্যে তার প্রথম রাষ্ট্রীয় সফর। এই সফরে বাণিজ্য, নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি— বিশেষ করে ইরান যুদ্ধ— গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রের সামরিক অভিযান দীর্ঘায়িত হয়েছে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি করেছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ব্যাপক প্রাণহানি ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
চীন এই পরিস্থিতিতে নিজেকে একটি স্থিতিশীল ও সমঝোতার পক্ষ হিসেবে উপস্থাপন করছে এবং বলছে, বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি আলোচনাই বর্তমান বৈশ্বিক সংকট কমানোর অন্যতম উপায় হতে পারে।
/ইউএমএইচ