গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ছিলেন। এটি গত অক্টোবর মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
রোববার (১০ মে) গাজার পুলিশ বিভাগ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় খান ইউনিস পুলিশ তদন্ত বিভাগের পরিচালক উইসাম আবদেল হাদি এবং সার্জেন্ট ফাদি হেইকাল নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ গাজার আল-আমাল এলাকায় তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হন।
হামাস এক বিবৃতিতে বলেছে, গাজার পুলিশ বাহিনীকে ইসরায়েলের ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু বানানো শত্রুর অপরাধ ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসেরই ধারাবাহিকতা।
সংগঠনটি আরও জানায়, এটি আইনশৃঙ্খলা ভেঙে ফেলা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং গাজা উপত্যকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হচ্ছে। তারা ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে।
/ইউএমএইচ