শেরপুরের নকলায় ১০৮ বোতল ভারতীয় মদসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) দুপুরে পৌরসভার গড়েরগাও মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার গাড়িচালক শফিকুল ইসলাম (১৯) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার নূর মোহাম্মদ (২৮)।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে গড়েরগাও মোড়ে চেকপোস্ট বসায় নকলা থানা পুলিশ। দুপুরে নালিতাবাড়ী থেকে আসা একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হলে, তাতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মালবাহী পিকআপ ভ্যানে থাকা কাঠের ভূষির বস্তার মধ্যে ১০৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ পাওয়া যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, জব্দকৃত মদ ঝিনাইগাতী থেকে গাজীপুরে পাচার করা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।
/মহু