উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (১১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির ও ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পৃথক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও এই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া প্রধানত মেঘলা থাকলেও দেশের অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। জলবায়ুর এই পরিবর্তনের ফলে উত্তর জনপদে বৃষ্টির দাপট আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
/কহু