গ্ল্যামার জগতকে বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, বাস্তবে তার পেছনে লুকিয়ে থাকে নিরন্তর পরিশ্রম, মানসিক চাপ আর নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করার লড়াই- এমনটাই জানালেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার, ব্যর্থতা, আত্মবিশ্বাস ও সামাজিক যোগাযোগমাধ্যমের চাপ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, জীবনে সফল হতে হলে সংগ্রামের বিকল্প নেই। ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অনেক পরিশ্রম করেও কখনো প্রথম সারির ফলাফল করতে পারেননি। সেই সময় হতাশ হয়ে মায়ের কাছে অভিযোগ করতেন। তবে তার মা তাকে শিখিয়েছিলেন- নিয়মিত চর্চা আর কঠোর পরিশ্রমই একসময় মানুষকে এগিয়ে নেয়।
আরও পড়ুন
নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে ফারিয়া বলেন, দীর্ঘ পথচলায় তিনি দুই দশকের বেশি চলচ্চিত্রে কাজ করেছেন, গান গেয়েছেন এবং দেশ-বিদেশে শত শত মঞ্চে পারফর্ম করেছেন। তবুও প্রতিবার ক্যামেরার সামনে দাঁড়ালে নতুন করে ভয় ও চাপ কাজ করে। তার অনুভূতিতে, প্রতিটি পারফরম্যান্স যেন প্রথম এবং শেষ সুযোগ।
তার মতে, বিনোদন অঙ্গনে কাজ করা মানে প্রতিদিন নিজেকে নতুনভাবে উপস্থাপন করা। শুধু অভিনয় নয়, উপস্থিতি, কথা বলা কিংবা ব্যক্তিত্ব- সবকিছুতেই সেরাটা ধরে রাখার চাপ থাকে তারকাদের ওপর।
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, সামান্য শারীরিক পরিবর্তন বা কথার ছোট ভুলও অনলাইনে তীব্র সমালোচনার জন্ম দেয়। তাই এই অঙ্গনে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নিজের সর্বোচ্চটা দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এএডি/