বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিচ্ছেদের জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করা এবং ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একসঙ্গে থাকা ছবিগুলো সরিয়ে দেওয়ার পর থেকেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে এই তারকা দম্পতি।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেননি দুজনের কেউই, তবুও অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে- চার বছরের সংসারে কি সত্যিই ফাটল ধরেছে?
২০১৯ সালে দুবাইয়ে নববর্ষ উদযাপনের এক অনুষ্ঠানে প্রথম পরিচয় হয় মৌনী ও সুরজের। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে সম্পর্ক গড়ায় প্রেমে। প্রায় তিন বছর একে অপরকে জানার পর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। বিয়েতে বাঙালি ও মালায়ালি- দুই সংস্কৃতির রীতিই অনুসরণ করা হয়েছিল।
আরও পড়ুন
শোবিজ দুনিয়ার বাইরে থাকা সুরজ নাম্বিয়ার পেশায় একজন ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার। বেঙ্গালুরুতে জন্ম নেওয়া সুরজ দীর্ঘদিন দুবাইয়ে কাজ করেছেন এবং পরবর্তীতে পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত হন। বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে ফিন্যান্স ও ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা করেছেন।
সম্পর্কের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগেও একসঙ্গে কাজ করেছেন এই দম্পতি। ২০২২ সালে একটি এডটেক প্ল্যাটফর্ম চালুর পর ২০২৩ সালে মুম্বাইয়ে ‘বদমাশ’ নামে একটি বিলাসবহুল রেস্তোরাঁও শুরু করেন তারা।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন চললেও ক্যারিয়ারে থেমে নেই মৌনী রায়। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়।
এএডি/