জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলাইক আবারও ফিরছেন রিয়্যালিটি শো ‘খাতরো কে খিলাড়ি’-এর নতুন আসরে। ২০২২ সালের পর এবার ১৫তম সিজনে প্রতিযোগী হিসেবে তার প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তবে এই সফল যাত্রার আড়ালে লুকিয়ে আছে দীর্ঘদিনের মানসিক সংগ্রাম ও তিক্ত অভিজ্ঞতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সময় নিয়ে কথা বলেন রুবিনা দিলাইক। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে প্রথম দিকে তাকে বারবার তার চেহারা নিয়ে অপমানজনক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে।
তার ভাষ্যে, পাহাড়ি অঞ্চল থেকে আসার কারণে অনেকেই তাকে অবমূল্যায়ন করতেন। এমনকি শরীরের গঠন ও মুখাবয়ব নিয়ে তাকে বিদ্রূপ করা হতো। এক পরিচালক নাকি সরাসরি মন্তব্য করেছিলেন, তার চেহারা ‘নেতিবাচক’ এবং ভবিষ্যতে বড় বা ইতিবাচক চরিত্র পাওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন
অভিনেত্রী আরও জানান, দাঁতে ব্রেসেস পরা এবং শারীরিক গঠন নিয়েও একসময় তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। নিজের প্রতিচ্ছবি দেখে তিনি ভাবতেন, তিনি হয়তো যথেষ্ট আকর্ষণীয় নন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই মানসিকতা বদলে যায়।
রুবিনা দিলাইক বলেন, নিজের ভেতরের সৌন্দর্য ও আত্মবিশ্বাসই আসল শক্তি। অন্যদের মানদণ্ডে নিজেকে বিচার না করে নিজের মতো করে গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় অর্জন।
ক্যারিয়ারে ছোটি বহু সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া রুবিনা পরবর্তীতে রিয়্যালিটি শো বিগ বস ১৪-এর বিজয়ী হন। এবার নতুন সিজনে তাকে ঘিরে প্রত্যাশা আরও বেড়েছে।
নতুন আসরের ‘খাতরো কে খিলাড়ি’-তে রুবিনার পাশাপাশি অংশ নিচ্ছেন কারাণ ওয়াহি, জেসমিন ভাসিন, ঋত্বিক ধঞ্জানি, অভিকা গোরসহ আরও অনেক পরিচিত মুখ। নতুন প্রতিযোগীদের যুক্ত হওয়ায় এবারের সিজন আরও প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করছেন দর্শকরা।
এএডি/