গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন সন্তানের জনক গোলাম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী থানার হেফাজতে রয়েছে এবং অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১০ মে) রাতে উপজেলার উড়িয়ে ইউনিয়নের রতনপুর গ্রামে এক প্রবাসীর কিশোরী মেয়ে বাড়িতে একা ছিল। তার বাবা প্রবাসে থাকেন এবং মা আত্মীয়ের বাড়িতে যাওয়ায় সে নিজ ঘরে অবস্থান করছিল। রাত আনুমানিক ৯টার দিকে রতনপুর গ্রামের গোলাম মিয়া ঘরের দরজায় নক করেন। দরজা খোলার পর তিনি ঘরে প্রবেশ করেন। পরে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ সময় ভুক্তভোগীর এক স্বজন বাড়িতে এসে পড়লে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরদিন সোমবার রাতে স্থানীয় লোকজন অভিযুক্ত গোলাম মিয়াকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে। আহত অবস্থায় অভিযুক্ত গোলাম মিয়ার চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় আটক গোলাম মিয়াকে গ্রেফতার দেখানো হবে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই