ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কয়েক দিনের ব্যবধানে ফাঁকা বাসায় ঢুকে দুর্বৃত্তরা নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী আকবর আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় করা লিখিত অভিযোগে জানান, তিনি কেরানীগঞ্জ মডেল থানার মডেল টাউন এলাকার বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় বসবাস করছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯ মে বিকেল ৫টা থেকে ১২ মে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় চোরচক্র তার বাসায় প্রবেশ করে। এ সময় বাসার প্রধান গেট ও কক্ষের দরজা ভেঙে নগদ টাকা, প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। ঘটনায় মোট প্রায় ২৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
আকবর আলী আরও জানান, এর আগেও ২০২০ সালে একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল। সর্বশেষ চুরির ঘটনায় পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই