ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নূর মোহাম্মদ (২৫) নামে এক হাজতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. সাইফুল ইসলাম জানান, নূর মোহাম্মদ কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ১১৬৩৬/২৬। তিনি মো. রতন মিয়ার ছেলে। তবে কোন মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/জোই