ইউটিউবে ঝড় তুলেছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’। মুক্তির মাত্র কয়েকঘণ্টা পেরোতেই গানটি হাঁটছে মিলিয়ন ভিউয়ের পথে। এই পর্যন্ত গানটি দেখেছেন ৭৭ লাখেরও বেশি মানুষ।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘পিরিতি’ গানটি। হাসান রুবায়েতের লেখা গানটিতে সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালক জাহিদ নিরবের এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই।
গানটি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন নায়ক শাকিব খান। ক্যাপশনে লিখেছেন,
প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা।
৩ মিনিট ৫২ সেকেন্ডের গানের ভিডিওতে শাকিব খানকে বিধ্বস্ত অবস্থায় জেলের জীবনে দেখা গেছে। এ সিনেমায় একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করছেন শাকিব। তবে তার অভিনীত চরিত্রটি ঠিক কী কারণে জেলে, সেটি এখনো স্পষ্ট নয়।
এদিকে গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন শাকিব খান। সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। মালয়েশিয়ায় সিনেমাটির শুটিংয়ের একাংশের পর দেশে এর দৃশ্যায়ন হবে।
এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে। আসন্ন ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে ‘রকস্টার’র।
সময়ের আলো/আআ