সিরাজগঞ্জের তাড়াশে আগাম বৃষ্টির ঢল ও নদ-নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বোয়াল মাছ ধরা পড়ছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল বাজারসহ বিভিন্ন স্থানীয় বাজারে ছোট-বড় অসংখ্য বোয়াল মাছ বিক্রি করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মে মাসে বৃষ্টির প্রভাবে চলনবিলের খাল-বিলে পানি বাড়তে শুরু করেছে। নতুন পানির টানে ঝাঁকে ঝাঁকে বোয়াল মাছ উজান দিকে ধেয়ে আসছে। জেলেরা এখন হাঁটু থেকে কোমর সমান পানিতেই জাল পেতে বড় বড় বোয়াল শিকার করছেন। আকারভেদে এসব মাছ বাজারে ৬০০ টাকা থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কুন্দইল গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম জানান, নতুন পানির আগমনে চলনবিলের প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে। বড় বড় বোয়াল মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ বাজারে ভিড় করছেন। দীর্ঘ খরা ও প্রতীক্ষার পর মাছের দেখা পেয়ে জেলেদের মুখেও হাসি ফুটেছে। এটি তাদের জীবিকার জন্য বড় এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া এলাকায়ও প্রচুর মাছ ধরা পড়ার খবর পাওয়া গেছে। হামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, বৃষ্টির পানিতে নদী ও খাল উপচে পড়ায় বিল বোয়াল মাছে সয়লাব হয়ে গেছে। পেশাদার মৎস্যজীবীদের পাশাপাশি শৌখিন মাছ শিকারিরাও এখন মাছ ধরায় মেতে উঠেছেন।
এদিকে, মা মাছ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়েছে। তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন জানান, সাধারণত মে মাস থেকে বোয়ালসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছের প্রজনন মৌসুম শুরু হয়। তাই ডিমওয়ালা মা মাছ ধরা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে প্রজননকালীন মা মাছ শিকার থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সময়ের আলো/জোই