জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীর ওপর সংঘটিত ধর্ষণচেষ্টার ঘটনায় ‘জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ’ গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থী বহিরাগত এক দুর্বৃত্তের ধর্ষণচেষ্টার শিকার হন। ঘটনাটিকে ‘ন্যাক্কারজনক, ভয়াবহ এবং আবাসিক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার জন্য গভীর উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডিকে অবহিত করেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাৎক্ষণিক মানবিক ও সাহসী ভূমিকার প্রশংসা জানায় সংগঠনটি।
জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ কয়েকটি দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে, দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং অন্ধকারাচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা ও নিয়মিত টহলের ব্যবস্থা করা।
এ ছাড়া নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি আরও উল্লেখ করে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সময়ের আলো/জোই