ভারতের কেরলম রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সতীশনের নাম ঘোষণা করেছে কংগ্রেস।
বৃহস্পতিবার (১৪ মে) দিল্লিতে দলটির সদর দপ্তরে এ সিদ্ধান্ত জানান এআইসিসির (সর্বভারতীয় কংগ্রেস কমিটির) সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সী।
এর মাধ্যমে নির্বাচনের ১০ দিন পর মুখ্যমন্ত্রী নিয়ে চলা অনিশ্চয়তার অবসান হলো। ১৪০ আসনের বিধানসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট এবার ১০২টি আসন পেয়ে জয়ী হয়েছে।
মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে ৬১ বছর বয়সি সতীশনের সঙ্গে ছিলেন রমেশ চেন্নিথালা ও কে সি বেণুগোপাল। বেণুগোপাল রাহুল প্রিয়াঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ হলেও তিনি বর্তমানে লোকসভার সদস্য। তাকে মুখ্যমন্ত্রী করার ঝুঁকি নিতে চায়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
অন্যদিকে, ২০০১ সাল থেকে টানা ছয়বার নির্বাচিত সতীশন গত পাঁচ বছর বিরোধী দলনেতা হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন।
সতীশনের পক্ষে জোটের অন্যতম বড়ো শরিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) জোরালো সমর্থন ছিল। এমনকি প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনি এলাকা ওয়েনাডেও সতীশনকে মুখ্যমন্ত্রী করার দাবিতে পোস্টার পড়েছিল। শরিকদের এই অনড় অবস্থানের কারণে বিধায়কদের পছন্দের চেয়ে জোটের ঐক্য রক্ষাকেই বেশি গুরুত্ব দিয়েছে কংগ্রেস হাই কমান্ড।
সতীশনের নাম ঘোষণার পর কে সি বেণুগোপাল দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সাবেক সভাপতি রমেশ চেন্নিথালাকে বিধানসভার স্পিকার করার বিষয়টিও আলোচনায় রয়েছে।
আগামী ২৩ মে’র মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। তবে সতীশন ঠিক কবে শপথ নেবেন, তা এখনও জানানো হয়নি।
সময়ের আলো/জেডি