গাজীপুরের কালিয়াকৈর কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুস সবুরকে মাইক্রোবাসে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে অপহরণকারীরা। পরে চন্দ্রা-নবীনগর সড়কের কবিরপুরে তাকে গাড়ি থেকে ফেলে দেয়। এই ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে পাঁচটায় কালিয়াকৈর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। সবুর বগুড়া জেলার সোলাইমন আলীর ছেলে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কালিয়াকৈর বাইপাসে বগুড়া যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জোর করে উঠিয়ে নিয়ে যায় অপহরণকারীরা। পরে অপহরণকারী দল মাইক্রোবাসের মধ্যে ৩/৪ ঘণ্টা মারধর করে মোবাইলের মাধ্যমে এক লাখ টাকা নিয়ে নেয়। পরে রাত ১০টার দিকে তাকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুরে গাড়ি থেকে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, অপহরণকারীদের ধরতে পুলিশ কাজ করছে।
সময়ের আলো/জোই