আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লোহাগাড়ায় মহাসড়কে পশুর হাট-বাজার বসানো যাবে না বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ। গত ৪ মে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ অধিদপ্তরের এক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ মে) তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। লোহাগাড়ার বিভিন্ন হাট-বাজারের ইজারাদারদের এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, প্রতি বছর ঈদ-উল-আযহায় মহাসড়কে পশুর হাট-বাজারের কারণে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। আসন্ন ঈদ-উল-আযহায় ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে এক প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগ।
গত ৪ মে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের অধীনে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়কের উপর ও তৎসংলগ্ন জায়গায় স্থায়ী ও অস্থায়ী পশুর হাট-বাজার বসানো ও পশু লোডিং-আনলোডিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ায় মহাসড়কে ঈদ-উল-আযহায় পশুর হাট-বাজার না বসাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, ‘আসন্ন ঈদ-উল-আযহায় ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তারই প্রেক্ষিতে ঈদে মহাসড়কে হাট-বাজার না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোহাগাড়ার পদুয়া তেয়ারিহাট, আমিরাদ বটতলী বাজার, আধুনগর খাঁনহাট এবং চুনতি ডেপুটি বাজারের ইজারাদারদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’
/কেএইচও