লিভার জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।
শোক প্রকাশ করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও গভীর সমবেদনা জানিয়েছেন।
কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানকে জানান, ‘পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। চেষ্টা করছি আগামীকালের মধ্যে মেয়ের মরদেহ দেশে নিয়ে আসতে।’
আরও পড়ুন
এ সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি দেশবাসীর কাছে তার একমাত্র মেয়ের জন্য দোয়া চান। কায়সার হামিদ আরও বলেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’
কয়েক দিন ধরে লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি দিয়ে পরিচিতি পাওয়া কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও নিজেকে যুক্ত করেছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
এএডি/