সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
শুক্রবার (১৫ মে) বিকেলে ব্যাচ ট্যুরে গিয়ে বন্ধুদের সঙ্গে পানিতে নামলে প্রবল স্রোতে ভেসে যান শান্ত।
সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, তিনি সাঁতার জানতেন। তবে স্রোত বেশি থাকায় তাকে টেনে নিয়ে যায়। স্থানীয় এক নারী তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
আরও পড়ুন
ওই বিভাগের শিক্ষার্থীরা জানান, স্থানীয়রা দীর্ঘসময় খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ডুবুরি দলকে খবর দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান জানান, নিহত শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যদের দূরত্বের কারণে সিলেটে আসতে নিষেধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ ঠাকুরগাঁওয়ে পাঠানোর ব্যবস্থা করছে।
তিনি আরও জানান, মরদেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হবে। সেখান থেকে মৃত্যুসনদ সংগ্রহের পর থানার আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয়ে এনে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেটের পর্যটনকেন্দ্র লালাখালে ঘুরতে গিয়ে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী মুসআব আমীনের মৃত্যু হয়েছিল।
এএডি/