নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে দীর্ঘদিনের পরিত্যক্ত ‘দাইবাড়ি খাল’ পুনঃখননের কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই জনকল্যাণমূলক উদ্যোগটি নেওয়া হয়েছে।
৯৫০ মিটার দীর্ঘ এই খালটি পুরোপুরি সচল হলে এলাকার প্রায় ৭০০ থেকে ৮০০ হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে। এর ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও খরা সংকট থেকে মুক্তি পাবেন আশপাশের ৮টি গ্রামের কয়েক হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া দাইবাড়ি খালটি মূলত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে খনন করা হয়েছিল। তবে দীর্ঘদিন সংস্কার ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে পলি জমে একপর্যায়ে এটি পুরোপুরি ভরাট হয়ে যায়।
এর ফলে বর্ষা মৌসুমে এলাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হতো এবং শুষ্ক মৌসুমে দেখা দিত তীব্র পানির সংকট। পর্যাপ্ত সেচ সুবিধার অভাবে ব্যাহত হতো কৃষিকাজ। অবশেষে স্থানীয় কৃষকদের সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৪০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় ৯৫০ মিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখননের কাজ এখন পুরোদমে এগিয়ে চলছে। এই প্রকল্পে প্রতিদিন ১১৯ জন শ্রমিক কাজ করছেন।
গ্রামীণ কর্মসংস্থানের এই উদ্যোগে নিশ্চিত করা হয়েছে নারীদের সমান অংশগ্রহণ। যেখানে মোট শ্রমিকের প্রায় ৩০ শতাংশই নারী। প্রতিদিনের উপার্জনে যেমন অসচ্ছল পরিবারগুলোর সংসার চলছে, তেমনি নিজেদের এলাকার উন্নয়নে সরাসরি অংশ নিতে পেরে খুশি এই শ্রমজীবী মানুষেরা।
প্রকল্পে কর্মরত এক নারী শ্রমিক জানান, আমরা অনেক নারী এখানে একসঙ্গে কাজ করছি। অভাবের দিনে এই কাজটা পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। নিজেদের এলাকার খালের কাজ, তাই মন দিয়ে করতেও ভালো লাগছে।
স্থানীয় কৃষকেরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, খালটি ভরাট হয়ে যাওয়ায় তারা সময়মতো খেতে পানি দিতে পারতেন না। এটি খনন সম্পন্ন হলে আর পানির অভাব থাকবে না, আবার ফসলি জমিতে পানি জমেও থাকবে না। এতে চাষাবাদের খরচ অনেক কমে আসবে।
আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মোহাম্মদ পলাশ বলেন, খালটি পুরোপুরি সচল হলে প্রায় ৭০০ থেকে ৮০০ হেক্টর জমি সরাসরি সেচ সুবিধা পাবে। আমরা আশা করছি, এর ফলে শুধু ধান চাষই নয়, সামগ্রিকভাবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল করতে এই খাল পুনঃখনন প্রকল্প নড়াইলের এই অঞ্চলে এক নতুন আশার আলো সঞ্চার করেছে।
সময়ের আলো/জোই