রাজধানী ঢাকায় সকাল শুরু হয়েছিল রোদের আভায়। তবে কিছুক্ষণের মধ্যেই বদলে যায় আবহাওয়া।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ৭টার পর হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় থেমে থেমে বৃষ্টি। কোথাও হালকা, কোথাও আবার বজ্রসহ ঝরতে থাকে বৃষ্টিধারা।
ভোর রাত থেকেই ঢাকার আকাশে ছিল মেঘের আনাগোনা। রাতের শেষ ভাগে বজ্রপাতসহ বৃষ্টি হলেও সকালে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলেছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে আবারও কালো মেঘে ঢেকে যায় নগরীর আকাশ। অনেক এলাকায় দিনের শুরুতেই নেমে আসে গুমোট অন্ধকার।
আরও পড়ুন
অপ্রত্যাশিত এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা। সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া অনেকেই ছাতা বা রেইনকোট ছাড়াই পড়েন বিপাকে। বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় তৈরি হয় ধীরগতি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
এএডি/