জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবরে শোকাহত শোবিজ অঙ্গন। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর এবার তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে পরিবার ও স্বজনরা।
কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, আজ দুপুরের দিকে ঢাকায় পৌঁছাবে কারিনার মরদেহ। দেশে পৌঁছানোর পর তার মরদেহ সরাসরি নেওয়া হবে বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে এশার নামাজের আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরদিন সোমবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে তাকে দাফন করা হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, কারিনার মায়ের দান করা মসজিদের জমির পাশেই তাকে সমাহিত করা হবে।
আরও পড়ুন
এদিকে তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ছাত্র ও জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি জানাজার আয়োজনের প্রস্তাবও এসেছে। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কায়সার হামিদ।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে গত সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
কায়সার হামিদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসার সময় ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের একপর্যায়ে কারিনার রক্তচাপ হঠাৎ কমে যায়। পরে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাকে আর ফিরিয়ে আনতে পারেননি।
জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকেরা সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
এএডি/