দেশজুড়ে আবারও সক্রিয় হয়ে উঠছে বৈরী আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোর থেকেই শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
রোববার (১৭ মে) সকালে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আকস্মিক বৃষ্টিতে জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দেয়। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত একটি লঘুচাপ এবং পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকায় থাকা আরেকটি লঘুচাপের বর্ধিতাংশের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।
বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে বজ্রপাতের ঝুঁকিও থাকছে।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এএডি/