আসন্ন ঈদুল আজহার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। শুরু থেকেই শাকিব খান অভিনীত এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। পোস্টার, অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশের পর সম্প্রতি মুক্তি পেয়েছে প্রথম গান ‘পিরিতি’, যা সিনেপ্রেমিকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।
এর মধ্যেই নতুন চমকের খবরে এলো রকস্টার। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক। সিনেমাটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। দুই বাংলার সংগীতপ্রেমীদের কাছে পরিচিত এই শিল্পী বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী হিসেবেও পরিচিত।
জানা গেছে, সিনেমাটির শেষ দিকের শুটিংয়ে অংশ নিয়েছেন সুনিধি নায়েক। এ বিষয়ে তিনি সরাসরি কিছু বলতে রাজি হননি। তার ভাষ্য, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। সিনেমাটির পরিচালকই বিস্তারিত জানাতে পারবেন।’ নির্মাতা আজমান রুশো পরিচালিত প্রথম সিনেমা ‘রকস্টার’। খুব যত্ন নিয়েই কাজটি করছেন তিনি। রাখছেন নানা চমক। সিনেমায় সুনিধির অভিনয় প্রসঙ্গে আজমান রুশো বিস্তারিত কিছু প্রকাশ না করলেও ইঙ্গিত দিয়েছেন বড় চমকের। তিনি জানিয়েছেন, সিনেমাটিতে দর্শকদের জন্য বেশ কিছু চমক থাকছে। ইতিমধ্যে রকস্টারের শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহেই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও রয়েছেন তানজিয়া জামান মিথিলা।
প্রসঙ্গত, রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে পরিচিত সুনিধি নায়েক ‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সাথে’ এবং ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’র মতো গানের মাধ্যমে দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাস্ত্রীয়সংগীতেও রয়েছে তার দক্ষতা। ভারতের আসানসোলে জন্ম নেওয়া এই শিল্পীর বেড়ে ওঠা শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিবেশে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ২০২০ সালের শেষ দিকে শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। বর্তমানে কোক স্টুডিও বাংলাসহ বিভিন্ন আয়োজন ও কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন সুনিধি।
সময়ের আলো/জেডআই