কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও বিনোদন অঙ্গনে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর এবার মেয়ের মরদেহ নিয়ে দেশে ফিরছেন মা লোপা কায়সার। আর এই কঠিন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি আবেগঘন পোস্ট নাড়া দিয়েছে অনেককেই।
রোববার (১৭ মে) দুপুরে ফেসবুকে লোপা কায়সার লেখেন, জীবনের নানা কঠিন সময় হাসিমুখে পার করলেও মেয়েকে হারানোর এই শোক কীভাবে বহন করবেন, তা তিনি জানেন না।
পোস্টে তিনি উল্লেখ করেন, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, কারও ক্ষতি করেননি- তবু জীবনের এই নির্মম বাস্তবতা তাকে ভেঙে দিয়েছে।
আরও পড়ুন
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। একই দিন রাতে কেন্দ্রীয় শহীদ মিনারেও নেওয়া হবে তার মরদেহ। পরে সোমবার ভোরে মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।
কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্র জানিয়েছে, শুরুতে জ্বর ও সংক্রমণে আক্রান্ত হন কারিনা। পরে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পরবর্তীতে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে পরিচিতি পাওয়া কারিনা কায়সার ধীরে ধীরে অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও নিজের অবস্থান তৈরি করেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ নাটক-সিরিজে তার কাজ দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝেও গভীর শোক বিরাজ করছে।
এএডি/