যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে এক মৎস্য চাষীর ঘেরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা।
এই ঘটনায় ঘেরের সব মাছ মারা যাওয়ায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন স্থানীয় মৎস্য চাষী ও পল্লী চিকিৎসক রফিক গাজী।
ক্ষতিগ্রস্ত চাষী রফিক গাজী জানান, তার মৎস্য ঘেরে প্রায় ১০ লাখ জাপানি মাছের ডিম দেওয়া হয়েছিল। আর মাত্র কিছুদিন পরেই মাছের পোনাগুলো বাজারে বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল। বর্তমান বাজার দর অনুযায়ী এসব পোনা বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা আয় হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দুর্বৃত্তদের দেওয়া বিষের কারণে রাতারাতি সব মাছের পোনা মরে ভেসে উঠেছে।
তিনি আরও জানান, বিভিন্ন জায়গা থেকে ধার-দেনা করে এই মৎস্য ঘেরে বিনিয়োগ করেছিলেন। এখন সব শেষ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, 'আমি এখন পথের ফকির হয়ে গেছি।'
এই ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও গভীর উদ্বেগ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত চাষী দোষীদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, পরিকল্পিতভাবে শত্রুতা করে এই ক্ষতি করা হয়েছে এবং এই বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
সময়ের আলো/জেডি