কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো অরাজকতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চামড়া ব্যবস্থাপনায় গাফিলতি হলে নগরবাসীর দুর্ভোগ বাড়বে। তাই ঈদুল আজহাকে সামনে রেখে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রোববার (১৭ মে) চসিক নগরভবনে চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে এক সমন্বয় সভায় মেয়র এই কথা বলেন।
তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে চামড়ার দাম কমানোর চেষ্টা করে। আবার অনেক মৌসুমি ব্যবসায়ী দাম না পেয়ে রাস্তায় চামড়া ফেলে যায়, যা পরিবেশ দূষণ ও দুর্ঘটনার কারণ হয়।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেকোনোভাবে শহরকে পরিচ্ছন্ন রাখা। কোরবানির পশু জবাইয়ের পর দ্রুত বর্জ্য অপসারণ ও চামড়া সংরক্ষণ না করা গেলে পরিবেশ দূষণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এ কারণে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় ব্যবসায়ীরা লবণের দাম নিয়ন্ত্রণ ও ট্যানারি মালিকদের কাছে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান।
এছাড়াও কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ মজুত, উপজেলা পর্যায়ে লবণ সরবরাহ নিশ্চিত করা, পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা এবং চামড়া সংরক্ষণ বিষয়ে প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ঈদের দিন ও পরের দুই দিন বাইরে থেকে চট্টগ্রামে চামড়া প্রবেশ ঠেকাতে চেকপোস্ট বসানোর জন্য জেলা প্রশাসন ও পুলিশকে ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সময়ের আলো/জেডি