সিলেট টেস্টে ধীরে ধীরে নিজেদের অবস্থান আরও শক্ত করছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বড় সংগ্রহের পথে এগোচ্ছে টাইগাররা। অভিজ্ঞ দুই ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৪৯ রানে।
সোমবার (১৮ মে) দিনের শুরুতে বাংলাদেশের লক্ষ্য ছিল দ্বিতীয় ইনিংসে বড় জুটি গড়ে পাকিস্তানের সামনে কঠিন লক্ষ্য ছুঁড়ে দেওয়া। তবে সকালেই ধাক্কা খায় স্বাগতিকরা। আগের দিনের অপরাজিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাকিস্তানি পেসার খুররম শাহজাদ। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি শান্তর।
অধিনায়কের বিদায়ের পর চাপে পড়ার বদলে পাল্টা জবাব দেন লিটন দাস। আক্রমণাত্মক কিন্তু নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। অন্যপ্রান্তে অভিজ্ঞ মুশফিকুর রহিম খেলেন ধৈর্য্যপূর্ণ ইনিংস। দুজন মিলে গড়েন অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি, যা ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও মজবুত করেছে।
আরও পড়ুন
লাঞ্চ পর্যন্ত ৫৩ ওভার ব্যাট করে বাংলাদেশ ৪ উইকেটে সংগ্রহ করেছে ২০৩ রান। লিটন দাস ৬৬ বলে ৪৮ এবং মুশফিকুর রহিম ৮০ বলে ৩৯ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন লিটন দাস। তার ১৫৯ বলে ১২৬ রানের ইনিংসে ভর করে স্বাগতিকরা তোলে ২৭৮ রান। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ নেন চার উইকেট, আর মোহাম্মদ আব্বাস শিকার করেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম। এছাড়া সাজিদ খানের ঝড়ো ৩৮ রান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বড় ব্যবধান এড়াতে পারেনি সফরকারীরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ রানা ও তাইজুল ইসলাম নেন তিনটি করে উইকেট। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ শিকার করেন দুটি করে উইকেট। ম্যাচের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এখন বড় লক্ষ্য গড়ার পথে।
এএডি/