নোয়াখালীর সেনবাগে ট্রাকের ধাক্কায় মওলানা বেলাল হোসাইন (৫০) নামে মাদ্রাসার এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসাইন সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম ছিলেন।
পুলিশ সূত্র জানায়, দুপুরে স্ত্রী তামান্না রহমান এবং দুই মেয়েকে নিয়ে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বের হন বেলাল হোসাইন। তারপর নোয়াখালী-ফেনী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
/মহু