ট্রাম্পের চাপেও নতি স্বীকার নয়, অনড় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আন্তর্জাতিক কূটনীতিতে আক্রমণাত্মক কৌশল বেছে নিয়েছেন। কঠোর ভাষা, শুল্ক নীতি ও

2026-05-19T10:28:03+00:00
2026-05-19T17:01:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের চাপেও নতি স্বীকার নয়, অনড় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:২৮ এএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৫:০১ পিএম
ইরান নিয়ে ট্রাম্পের হুমকি কাজে আসছে না। সংগৃহীত ছবি
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আন্তর্জাতিক কূটনীতিতে আক্রমণাত্মক কৌশল বেছে নিয়েছেন। কঠোর ভাষা, শুল্ক নীতি ও সামরিক সংঘাতের হুমকি দিয়ে বিভিন্ন দেশের কাছ থেকে সুবিধা আদায়ের চেষ্টা করছেন তিনি।
 
তবে ইরানের ক্ষেত্রে ট্রাম্পের এই 'চাপ প্রয়োগের নীতি' কার্যকর হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে দুই দেশের অচলাবস্থা আরও গভীর হচ্ছে, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় অনিশ্চয়তা তৈরি করছে। 

প্রায় ১১ সপ্তাহের এই সংকট ট্রাম্পকে ক্রমশ হতাশ করে তুলছে। তবে তিনি নিজের অবস্থান নমনীয় করার কোনো ইঙ্গিত দেননি। উল্টো প্রকাশ্য বক্তব্যে ইরানকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। 

বিশ্লেষকদের মতে, দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা না থাকায় এই অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে, যা বিশ্ব জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলবে।

এই সংকটের পেছনে ইরানের শাসকদের মানসিকতাও বড় ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বহু শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। দেশটির সামরিক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও জনগণের কাছে নিজেদের মর্যাদা ধরে রাখতে চায় তেহরান। তারা এমন কোনো অবস্থান নিতে রাজি নয়, যা আত্মসমর্পণের মতো দেখায়।

পাশাপাশি বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ 'হরমুজ প্রণালি'-এর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় তারা দরকষাকষিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে ট্রাম্প এখনো সর্বোচ্চ দাবি, মিশ্র বার্তা ও কঠোর ভাষার পুরোনো কৌশলই অনুসরণ করছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প এই সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ বিজয় নিশ্চিত করে বের হতে চান। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইরানও পরাজয় মেনে নিতে প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্রের সাবেক আলোচক রব ম্যালি বলেন, কোনো সরকারই জনগণের কাছে আত্মসমর্পণের ভাবমূর্তি তুলে ধরতে চায় না। এই মনস্তাত্ত্বিক দেওয়ালই এখন সমঝোতার বড় বাধা।  

রব ম্যালি আরও জানান, ট্রাম্প বর্তমানে অভ্যন্তরীণ চাপের মুখেও রয়েছেন। যুক্তরাষ্ট্রে তেলের মূল্যবৃদ্ধি, নতুন যুদ্ধে জড়ানোর আশঙ্কা এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জনপ্রিয়তা হারানোর ঝুঁকিতে রয়েছে রিপাবলিকান পার্টি।

অবশ্য হোয়াইট হাউস ট্রাম্পের এই কৌশলকে সঠিক বলেই দাবি করছে। মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একজন দক্ষ আলোচক এবং তার কৌশল আগে অনেক ক্ষেত্রে সফল হয়েছে। ইরানই এখন সমঝোতার জন্য বেশি আগ্রহী বলে দাবি করেন তিনি। 

তবে ট্রাম্পের প্রকাশ্য হুমকি পরিস্থিতিকে বেশি বিতর্কিত করছে। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি চুক্তি না হলে ইরানের ‘সভ্যতাই ধ্বংস’ করার হুঁশিয়ারি দেন। পরে মার্কিন কর্মকর্তারা জানান, এটি তাৎক্ষণিক বক্তব্য ছিল, কোনো সুপরিকল্পিত জাতীয় নিরাপত্তা কৌশল নয়।

এর বাইরেও ট্রাম্প ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। কখনো বলেছেন ইরান ‘সমঝোতার জন্য অনুনয় করছে’, আবার কখনো ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন। তেহরান অবশ্য এসব দাবি অস্বীকার করেছে। তারা নিজেদের টিকে থাকাকেই বড় সাফল্য মনে করছে এবং যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির দাবি করছে।

সাবেক মার্কিন উপদেষ্টা ডেনিস রস মনে করেন, প্রেসিডেন্টের ধৈর্যের অভাব এবং বক্তব্যের অসংগতি তার নিজের অবস্থানকেই দুর্বল করে দিচ্ছে। বাণিজ্য আলোচনা বা ভেনেজুয়েলার ক্ষেত্রে ট্রাম্পের চাপ প্রয়োগ সফল হলেও ইরানের ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন। 


সাবেক কর্মকর্তাদের মতে, ইরানের ধর্মীয় ও সামরিক কাঠামোর গভীর প্রভাব এবং ঐতিহাসিক গৌরবের কারণে শুধু চাপ দিয়ে তাদের নতি স্বীকার করানো সম্ভব নয়। 

সাবেক মার্কিন কর্মকর্তা নেট সোয়ানসনসহ অনেক বিশ্লেষকই মনে করেন, অতিরিক্ত চাপ ও হুমকি ইরানের নতুন নেতৃত্বকে আরও কঠোর অবস্থানে ঠেলে দিচ্ছে। গত এক বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক পদক্ষেপের কারণে ওয়াশিংটনের প্রতি তেহরানের আস্থাও এখন তলানিতে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ট্রাম্প  হুমকি  ইরান  বাস্তবতা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: