বাসচালককে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। কোনও ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রীদের নামানোর পর চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনও কথা ছাড়াই ড্রাইভারকে মারধর করে। পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে- সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদের জন্য বাড়ি যাব। এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমাঝেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।’
মুনিরা আক্তার নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাবো। কাউন্টারে এসে শুনি, বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।’
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনা তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।’
/মহু