নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় মমতাজ বেগম নামে আরও এক শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। এ খবর শুনে হার্ট অ্যাটাক করে তাসনিম আরা নামে এক শিক্ষার্থী মারা গেছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বদলগাছী-মাতাজি সড়কে এই ঘটনা ঘটে।
কুলসুম ও মমতাজ বেগম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। কুলসুমের বাড়ি বদলগাছী উপজেলার পুরাতন ব্রিজ এলাকায় এবং মমতাজের বাড়ি গোরশাহী গ্রামে।
অপরদিকে নিহত শিক্ষার্থী তাসনিম আরা (১৪) ওই বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরী মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটির পর সিএনজি চালিত অটোরিকশা যোগে কুলসুম এবং মমতাজ বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে একসঙ্গে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে চাকরাইল বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই (বঙা) মেশিনের সঙ্গে তাদের সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর আহত হোন। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুলসুমকে মৃত ঘোষণা করেন। আহত মমতাজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর বিদ্যালয়ে পৌঁছালে তাসনিম আরা হ্যার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামিম ইয়াসার বলেন, কুলসুমকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনার সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থী তাসনিম আরাকে হাসপাতালে দুপুর ২টার দিকে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে আকস্মিক তীব্র মানসিক ধাক্কায় মস্তিষ্কের রক্ত চলাচল ব্যহত হওয়ায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, কুলসুম এবং তাসনিম আরার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমন ঘটনা আমাদের বাগরুদ্ধ করেছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যদিকে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি এবং ধানমাড়াই মেশিন জব্দ হয়েছে। তবে ঘটনার পর দুই চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সময়ের আলো/জোই