ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নং ভৈরবপাশা ইউনিয়নের একটি অটোর গ্যারেজে যৌথ অভিযানে এক হাজার কেজি সরকারি গম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ) দুপুরে জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই, উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব গম উদ্ধার করা হয়
পুলিশ সূত্রে জানা গেছে, থানার সাধারণ ডায়েরি অনুযায়ী ভৈরবপাশা বাজার সংলগ্ন আব্দুল হালিম হাওলাদারের অটোর গ্যারেজে রাখা অবস্থায় ২১টি প্লাস্টিকের সাদা বস্তায় সংরক্ষিত গম জব্দ করা হয়।
জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে, উদ্ধারকৃত গমের মালিকানা গ্যারেজ মালিক আব্দুল হালিম অস্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গমগুলো জব্দ করা হয়।
তবে এনএসআই সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুদামজাতকারী হিসেবে অভিযুক্ত মো. রতন চৌকিদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যদিও পুলিশ ঘটনাটি পরিত্যক্ত হিসেবে জব্দ দেখায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) আশ্রাফ আলী বলেন, উপজেলা খাদ্য কর্মকর্তার তথ্য সহায়তায় আমরা সেখানে গিয়ে গমগুলো জব্দ করেছি। গ্যারেজের মালিক বৃদ্ধ হওয়াতে রাতের আধারে কে বা কারা রেখে গেছে তা জানেন না। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।
সময়ের আলো/জোই