বরিশাল গৌরনদীতে বয়স্ক ভাতার টাকা ভাতাভোগীর মোবাইল নাম্বারে না দিয়ে ইউপি সদস্য (মেম্বার) নিজ ছেলের মোবাইল নাম্বার দিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভাতাভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাপানিয়া গ্রামের।
ওই গ্রামের বাসিন্দা লিয়াকত আলী খান অভিযোগ করে বলেন, সোলায়মান মৃধা আমার নামে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে দুই বছর আগে কাগজপত্র নেন।
পরে বয়স্ক ভাতা চালু হলেও আমার নম্বরের পরিবর্তে ইউপি সদস্যের ছেলের ০১৬৩০-৪০৪৬২৩ মোবাইল নাম্বার দিয়ে টাকা আত্মসাৎ করেন।
ভাতাভোগীর ছেলে সাহাদাত খান বলেন, ইতোমধ্যে ভাতার ছয়মাসের টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও আমরা প্রতিবাদ করায় তার পক্ষে মিথ্যে বলার জন্য হুমকি দেন।
এ বিষয়ে ইউপি সদস্য বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। আমার ছেলের নাম্বারে কোনো টাকা ঢুকেনি। আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। আমার বিরুদ্ধে অপপ্রচার করায় থানায় লিখিত অভিযোগ করেছি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, গত তিন মাস আগে লিয়াকত আলী খানের নামে একটি বয়স্ক ভাতা হয়। ভাতা হওয়ার পরপরই ভাতাভোগীর ফরমে দেওয়া ০১৬৩০-৪০৪৬২৩ নাম্বারে তিনমাসের টাকা পাঠানো হয়েছে। আরো তিন মাসের মোট ৩ হাজার ৯০০ টাকা ওই নাম্বারে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভাতাভোগী লিখিত অভিযোগ দিলে নাম্বার পরিবর্তনসহ ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, ভাতাভোগী পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই