ছাত্র রাজনীতিকে সহিংসতা ও দখলদারিত্বমুক্ত করে শিক্ষার্থীদের কল্যাণভিত্তিক ধারায় ফেরানোর আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ছাত্ররাজনীতি সংঘাতের নয়, জ্ঞানভিত্তিক নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্রসমাজের অবদান অনস্বীকার্য। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সময়ের ব্যবধানে কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড ছাত্ররাজনীতিকে বিতর্কিত করেছে।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘সিটিজেন ডায়ালগ: ম্যানিফেস্টো টু অ্যাকশন- চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শিক্ষাঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা জরুরি। নতুন প্রজন্মের রাজনীতি হতে হবে মানবিক, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব।’
তিনি বলেন, ‘দেশের নদ-নদী ও খাল রক্ষায় সরকার বিভিন্ন পুনরুদ্ধার ও খনন প্রকল্প বাস্তবায়ন করছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বহু নদী ও খাল দখল ও দূষণের শিকার হয়েছে। জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পানি ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উপকূলীয় অঞ্চল, কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা ও টেকসই কৃষিনীতি গ্রহণ জরুরি।’
এসময় নদী রক্ষা আন্দোলনে নাগরিক সমাজ, গবেষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।
/কেএইচও