চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জেট ফুয়েল, ডিজেল, অকটেন, সয়াবিনসহ প্রায় ১৭ হাজার লিটার তেল জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ মে) গভীর রাতে এসব তেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে কোস্টগার্ড পতেঙ্গা আউটপোস্টে সংবাদ সম্মেলনে বিসিজিএস তাজউদ্দীন এর সিগন্যাল কমিউনিকেশন কর্মকর্তা হাসিব-উল-ইসলাম এ তথ্য জানান।
জব্দ হয়েছে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং ৫ হাজার লিটার ভোজ্য তেল।
জেট ফুয়েল জব্দের ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তদন্ত কমিটি গঠন করেছে। তেল কোম্পানির কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
হাসিব উল ইসলাম বলেন, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুদ করা এসব তেল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কালোবাজারে বিক্রি করার জন্য মজুদ করা হয়েছে বিপুল পরিমাণ তেল।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দুটি অভিযান চালায় অভিযানিক দল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তাই সেখান থেকে কাউকে আটক করা যায়নি।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িত মূলহোতাদের আটকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রয়োজনে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। জব্দ করা জ্বালানি ও ভোজ্যতেল এবং ট্রাকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাকারবারি রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উল্লেখ্য, একই স্থানে গত ২৭ মার্চ ৬ হাজার লিটার তেল জব্দ করা হয়েছিল।
সময়ের আলো/জোই