নেপাল থেকে দেশে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা (২৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ মোট ২৯টিরও বেশি মামলা রয়েছে। অর্থাৎ বয়সের চেয়েও তার বিরুদ্ধে মামলার সংখ্যা বেশি।
মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি বলেন, জেনেভা ক্যাম্পে মাদক বিস্তারের অন্যতম প্রধান হোতা হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ও এসবির সহায়তায় গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং দেশের বাইরে থেকেও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছিলেন।
পুলিশ জানায়, মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে বর্তমানে ২৯টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি হত্যা মামলা, ৭টি হত্যা চেষ্টা মামলা, ৪টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা, ১টি সন্ত্রাসবিরোধী আইনের মামলা এবং ১৩টি মাদক মামলা।
ডিসি ইবনে মিজান আরও বলেন, ‘তার বয়স এখনো ৩০ হয়নি, কিন্তু তার বিরুদ্ধে মামলার সংখ্যা ২৯টি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।’
তিনি জানান, জেনেভা ক্যাম্পে মাদকের বিস্তার ও নিয়ন্ত্রণে পিচ্চি রাজার সক্রিয় ভূমিকা ছিল। তিনি দেশের বাইরে থাকলেও একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ আরও জানায়, তাকে আদালতে পাঠানোর পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার সহযোগী ও পুরো মাদক চক্র সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। একই সঙ্গে তার সঙ্গে থাকা দুই আত্মীয়ের ভূমিকা নিয়েও তদন্ত করা হচ্ছে।
এছাড়া তার কাছে একাধিক পাসপোর্ট ছিল কি না এবং তিনি কোন কোন দেশে যাতায়াত করেছেন, এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান প্রসঙ্গে ডিসি ইবনে মিজান বলেন, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং কাউকেই আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা এবং মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন।
/এসএকে