চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুরনো বইখাতা বোঝাই একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চালক আহত হয়েছেন।
বুধবার (২০ মে) ভোর ৫টার দিকে উপজেলার পদুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম মোহাম্মদ বেলাল। তিনি পিরোজপুর জেলার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি কক্সবাজারের চকরিয়া থেকে পিরোজপুরের উদ্দ্যেশে যাচ্ছিল। চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পদুয়া বাজারে মহাসড়কের মাঝখানে উল্টে পড়ে যায়। এতে চালক মোহাম্মদ বেলাল আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।
দোহাজারী হাইওয়ে পুলিশের এএসআই জুলফিার আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশ। গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
/মহু