সেলসম্যানকে ছুরিকাঘাতে টাকা ছিনতাই, ভুক্তভোগীকেই পুলিশের সন্দেহ

গোলাম রব্বানী, হিলি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি-ঘোড়াঘাট সড়কের জালালপুর ব্রিজের পূর্ব পাশে মো. নাজমুল হাসান (৩৫) নামে এক বিকাশ সেলস কর্মকর্তার (ডিএসও) মোটরসাইকেলের

2026-05-22T12:48:56+00:00
2026-05-22T20:13:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সেলসম্যানকে ছুরিকাঘাতে টাকা ছিনতাই, ভুক্তভোগীকেই পুলিশের সন্দেহ
গোলাম রব্বানী, হিলি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:৪৮ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৮:১৩ পিএম
বিকাশ সেলস কর্মকর্তা মো. নাজমুল হাসাকে জিগ্গেসাবাদ করছেন ওসি। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি-ঘোড়াঘাট সড়কের জালালপুর ব্রিজের পূর্ব পাশে মো. নাজমুল হাসান (৩৫) নামে এক বিকাশ সেলস কর্মকর্তার (ডিএসও) মোটরসাইকেলের গতিরোধ ও ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই হওয়া টাকার সঠিক তথ্য দিতে পারেননি ওই ভুক্তভোগী কর্মী।

শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর হিলি-ঘোড়াঘাট সড়কের জালালপুর ব্রিজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে। আহত নাজমুল হাসান পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার কাটলা দাউদপুর এলাকার আজিম উদ্দিনের ছেলে। তিনি বিরামপুরের ‘আরাফাত মোবাইল ব্যাংকিং’ এজেন্টের অধীনে ডিএসও পদে কর্মরত।
লিখিত অভিযোগে যা বলা হয়েছে

ভুক্তভোগী লিখিত অভিযোগে জানান, প্রতিদিনের মতো সকাল সাড়ে ১০টার দিকে তিনি অফিস থেকে বের হয়ে হাকিমপুরের বড় ডাঙ্গাপাড়া ও হিলি-ঘোড়াঘাট সড়কের বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানে টাকা লেনদেন করতে যান। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলীহাট ইউনিয়নের হরিহরপুর বাজার থেকে হিলির দিকে আসার পথে বিভিন্ন দোকানে লেনদেনের কারণে তার কিছুটা দেরি হয়।

সন্ধ্যা নামার পর তিনি জালালপুর ব্রিজের নিকট পৌঁছালে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং জোরপূর্বক টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে এক ছিনতাইকারী পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। এতে তার মাথা ও হাত রক্তাক্ত জখম হয়। পরে জালালপুর বাজারের দুই বিকাশ এজেন্ট ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।


ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, পৌর যুব বিভাগের আহ্বায়ক আহম্মেদ ইয়াসির আরাফাত এবং জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ মাস্টারসহ দলীয় নেতা-কর্মীরা। জামায়াতের আমীর ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করেন এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে তিনি নিজেই হাসপাতালে গিয়ে রোগীর খোঁজ নেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে আসেন। পরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ডিজিএম মিজানুর রহমান ও ম্যানেজার নাজমুল হোসেনের উপস্থিতিতে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওসি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর কথাবার্তায় কিছু অসঙ্গতি মিলেছে। প্রথমত, তিনি ছিনতাই হওয়া টাকার সঠিক হিসাব দিতে পারেননি (অভিযোগে এক লাখ ৬০ হাজার টাকা উল্লেখ থাকলেও পুলিশের ধারণা ব্যাগে এক লাখ টাকার কম ছিল)। দ্বিতীয়ত, সন্ধ্যার পর ওই এলাকায় তার থাকার কথা নয়। তাছাড়া, তিনি ১২ হাজার টাকা তোলার জন্য কেন দ্বিতীয়বার মার্কেটে গেলেন—যা লিখিত অভিযোগে উল্লেখ নেই। সবচেয়ে বড় প্রশ্ন, ঘটনাস্থলে পৌঁছে তিনি পাকা রাস্তা ছেড়ে নিচের কাঁচা রাস্তায় কেন নেমেছিলেন? ভুক্তভোগীর দাবি, পেছন থেকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু আঘাত লেগেছে মাথায় ও হাতে।

সব মিলিয়ে ভুক্তভোগী কর্মী নিজেই পুলিশের সন্দেহের বাইরে নন উল্লেখ করে ওসি আরও বলেন, যেহেতু লিখিত অভিযোগ পাওয়া গেছে, পুলিশি তদন্ত শেষে নিয়মিত মামলা করা হবে। ঘটনার আসল রহস্য উদঘাটনে পুলিশের একটি চৌকস দল কাজ করছে। আশা করছি খুব দ্রুতই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বিকাশ  সেলসম্যান  ছুরিকাঘাত  টাকা ছিনতাই  পুলিশ  ভুক্তভোগী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: