আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে দিনব্যাপী নানামুখী জনকল্যাণ ও সেবামূলক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। ভিজিএফের চাল বিতরণ, হালদা পাড়ের জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং পৌরসভার আধুনিক স্মার্ট স্ট্রিট লাইটিং প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
শুক্রবার (২২ মে) সকাল থেকে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় আয়োজিত পৃথক এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
সকালে হাটহাজারীর ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে মানবিক কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী।
ত্রাণ বিতরণকালে উপস্থিত উপকারভোগীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সবার দুঃখ, কষ্ট ও গ্লানি দূর করতে চান। তার মূল লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত দেশের অতিদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক মুক্তি এবং একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী রূপকল্প ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে মাঠপর্যায়ে সব উন্নয়ন কাজ আরও জোরালোভাবে চালিয়ে যাওয়া হবে।
উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার আপনাদের স্বাবলম্বী করতে আন্তরিকভাবে কাজ করছে। তবে সরকারের এই প্রচেষ্টাকে সফল করতে আপনাদেরও এগিয়ে আসতে হবে। নিজেদের জীবনযাত্রার মান বাড়াতে আপনাদেরও সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। তবেই আমরা সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।
কর্মসূচি শেষে দুপুরে প্রতিমন্ত্রী সামাজিক সেবা ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবী জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ করেন।
এরপর তিনি হাটহাজারী পৌরসভার বাস্তবায়নে বিশ্বব্যাংকের এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এর অধীনে তিনি বানজইন-উপজেলা-কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাচারী সড়ক-রামকুঁনি সড়কের আধুনিক স্মার্ট সড়ক বাতি প্রজ্বলন করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার কামাল পাড়া রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং দ্বারা উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন ঘোষণা করেন।
এসব জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কর্মসূচিতে হাটহাজারী উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই